রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
আগামী মাসের (সেপ্টেম্বর) মাসের শুরুতেই রংপুর-ঢাকা রুটে নতুন আরও ২টি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার বিকেলে রংপুর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
এ সময় রেলমন্ত্রী বলেন, একটি ট্রেন রংপুর থেকে ঢাকা যায়। এতে এ অঞ্চলের মানুষের চাহিদা মেটে না। এজন্য রংপুর-পার্বতীপুর হয়ে সরাসরি ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর হয়ে ঢাকাগামী ২ ট্রেন আগামী মাসের শুরুতেই চালু করা হবে। সেইভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর রেল স্টেশনকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে, বাড়ানো হবে যাত্রীসেবা। বাংলাদেশের অন্যান্য শহরের মতো রংপুরকে সাজানো হবে। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রেলস্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রীর সঙ্গে রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, স্টেশন সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
