জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। ৯ নভেম্বর, সোমবার রাতে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার প্রত্যয়ে কুড়িগ্রামের রাজারহাটে উদ্বোধন করা হয়েছে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। শান্তিনগর যুব সমাজের আয়োজনে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। শুধু ক্রিকেট নয়, প্রতিটি ইতিবাচক ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তাই এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আয়োজকদের এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব তানজিলা তাসনিম, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুনুর রশীদ, অফিসার ইনচার্জ, রাজারহাট থানা; জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আহ্বায়ক (ভারপ্রাপ্ত), রাজারহাট উপজেলা বিএনপি এবং জনাব মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব, রাজারহাট উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নুর ইসলাম, প্রধান শিক্ষক, চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠান পরিচালনা করেন শুভ, মোঃ এনামুল হক শামীম, প্রধান শিক্ষক, রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুল।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আল-মিজান মাহিন, জুলাই যোদ্ধা ও সদস্য, রাজারহাট উপজেলা ছাত্রদল।
রাত্রিকালীন এ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয় তরুণ ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদন ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
