এফ.কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠেনের আয়োজনে এ উপলক্ষে রোববার বিকালে একটি সার্বভৌমত্ব র্যালি মহিলা কলেজ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বজলুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ অনেকে। এছাড়াও সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান এবং ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
