বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২, ফোন উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন নুর মোহাম্মদ (৩৯)। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় করা মামলার তদন্তে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।

অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Share Button