কুড়িগ্রাম পৌর বিএনপির শোডাউন :  বিপ্লবের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তির জানান দিয়েছে কুড়িগ্রাম পৌর বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালিতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে অনুষ্ঠিত পথসভায় নেতারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা, জাফরুল হক জোনি, আমিনুল ইসলাম, রাজু আহমেদ, ইলিয়াস হোসেন ও ফরহাদ হোসেনসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ দলটির সাংগঠনিক ঐক্য ও সক্রিয়তার প্রতিফলন ঘটায়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণে ৭ নভেম্বরের কর্মসূচি কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।

Share Button