মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন,পর্যটনশিল্পের বিকাশ, জনদুর্ভোগ নিরসন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসাধারণের প্রত্যাশার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার চিত্র উঠে আসে। জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে জেলা প্রশাসন কাজ করে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা, পর্যটনশিল্পের সম্ভাবনা ও বিকাশ এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে আনার বিষয়ে তাঁদের দায়িত্ব ও অঙ্গীকারের কথা জানান। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন ও জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নাছিরুল আলম, সিনিয়র সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, সাংবাদিক এইচ এম সম্রাট, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংবাদিক মিনারুল হক,সাংবাদিক শাফায়াত হোসেন, সাংবাদিক মো.ইসহাক,সাংবাদিক কৌশিক, সাংবাদিক মুহাম্মদ আলী,সাংবাদিক মংখিং মারমা,সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকেরা।
