কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে এক মাস ধরে তীব্র এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট চলছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, গৃহিণী ও ব্যবসায়ীরা। স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার বাজারে না থাকায় সংকট আরও তীব্র হয়েছে।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের বাজারে বেক্সিমকো ও বসুন্ধরা ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার প্রায় তিন মাস ধরে পাওয়া যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে ওমেরা ব্র্যান্ডের সিলিন্ডারও মিলছে চাহিদার চেয়েও কম ।
তবে আইবিএম, যমুনা ও পেট্রোম্যাক্সের মতো তুলনামূলক কম পরিচিত কিছু ব্র্যান্ডের সিলিন্ডার কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে। এসব সিলিন্ডার কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
সংশ্লিষ্ট সূত্র ও ডিলারদের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম জেলায় মাসে এলপিজি সিলিন্ডারের চাহিদা প্রায় ৩৫ হাজার পিস। এর বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ১৫ হাজার পিস। অর্থাৎ প্রতি মাসে প্রায় ২০ হাজার পিস সিলিন্ডারের ঘাটতি রয়েছে।
ব্যবসায়ীদের ভাষ্য, সরবরাহ কমে যাওয়ায় বাজারে স্বাভাবিকভাবেই সংকট তৈরি হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন।
সাধারণ মানুষ ও সচেতন মহল বলছেন, রান্নার অন্যতম প্রধান জ্বালানি এলপিজি নিয়ে দীর্ঘদিনের এই সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এলপিজি সরবরাহ স্বাভাবিক করা, অতিরিক্ত দামে বিক্রি বন্ধ এবং কৃত্রিম সংকট তৈরির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
