জাফর আহমেদ:
ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের পেশাদারি ভূমিকা ও নিরপেক্ষ আইনি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। সাম্প্রতিক সময়ে বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে গ্রেপ্তার হওয়া আসামিদের বাঁচাতে এবং থানার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানকে বিতর্কিত করতে ভিত্তিহীন খবরের আশ্রয় নেওয়া হচ্ছে।
নথিপত্র ও এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় দৈনিক ডেসটিনির প্রতিনিধি এইচ টি তোফাজ্জাল হোসেনকে ইয়াবাসহ স্থানীয় জনতা আটক করে। এমন খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তোফাজ্জলের শার্টের পকেট তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে তাকে হেফাজতে নেয়।
এই ঘটনার পর নিরপেক্ষ তদন্ত ও সুনির্দিষ্ট জব্দতালিকার ভিত্তিতে তোফাজ্জাল হোসেন ও পলাতক আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।
তবে আইনি প্রক্রিয়া এড়াতে ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ভিত্তিহীন, অসত্য অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, গভীর রাতে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তোফাজ্জালের অবস্থানের কোনো সুনির্দিষ্ট বা গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি বা তার সমর্থকরা দিতে পারেননি।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন পেশাদার আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে ওসি হাবিবুর রহমান রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনি দায়িত্ব পালন করেছেন। বস্তুনিষ্ঠ প্রমাণ ও সরেজমিনে উদ্ধারকৃত আলামত ব্যতিরেকে তোলা সমস্ত অভিযোগ কেবলই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভাঙার অপচেষ্টা। অপরাধী ও মাদকের বিরুদ্ধে গৌরীপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি সাধারণ জনগণের প্রশংসা কুড়াচ্ছে এবং এলাকায় ইতিবাচক বার্তা দিচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তার পরিচয় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
