কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি বলে জানিয়েছেন কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
তিনি বলেন, তথ্য পাওয়া নাগরিকদের মৌলিক ও সংবিধিবদ্ধ অধিকার। হয়রানি ছাড়াই নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, তথ্যের অবাধ প্রবাহ জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থার সম্পর্ক আরও দৃঢ় করে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ সুযোগ ছাড়া জবাবদিহিমূলক সমাজ গঠন সম্ভব নয়।
সভায় জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ সাংবাদিক, সনাক-টিআইবি প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
