রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্রদের মাঝে প্রশিক্ষনের পর সরকারী সেলাই মেশিন বিতরণ কার্যক্রম ঝুলে আছে ৭ মাস যাবৎ। অযুহাত “বিনামূলে বিতরণ”যুক্ত স্টিকার লাগানো। এ নিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষোভের যেন শেষ নেই।
সূত্র জানায়,উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ১৫ জন দরিদ্র নারীকে ১ নভেম্বর থেকে১ ডিসেম্বর ১ মাসের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ শেষের ১০ দিনের মধ্যে সেলাই মেশিন দেয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও নেই বিতরণের উদ্যোগ। প্রশিক্ষণ প্রাপ্তরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জানতে পারেন, সরকারী স্টিকার লাগানোর অযুহাতে এতোদিন ঝুলিয়ে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণপ্রাপ্ত গৃহবধূ বলেন, প্রশিক্ষণ যা নিয়েছি,তা চর্চা না থাকায় ভুলে যাচ্ছি। তাই সরকারীভাবে মেশিন বিতরণের দাবী জানান তিনি।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাফেজা বেগম জানান, প্রতি বছরের মতো এ বছর রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৯০জনকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে সরকারী ভাবে এসব মেশিন বিতরনের কথা রয়েছে। তবে বিণামূল্যের স্টিকার সংযুক্ত না করায় কিছুটা দেরী হচ্ছে খু্ব শীঘ্রই এসব বিতরণ করা হবে।
