বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রামে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক চারা বিতরণ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নাজিমখান-রাজারহাট বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট উপজেলার নাজিমখান স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

কর্মসূচিতে বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সরকার।

এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে নাজিমখান স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এসব চারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় এর দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে মানুষের কল্যাণ ও সামাজিক সচেতনতার সঙ্গে যুক্ত করতেই বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share Button