ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ আসর উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহছানিয়া মিশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মিশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। এতে মিশনের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জুলুসটি মইদাম কলেজ মোড় ও আনন্দবাজার প্রদক্ষিণ করে মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মিশন প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের কাছে তুলে ধরা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর শিক্ষা অনুসরণ করে মানবসেবা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

জশনে জুলুসে মিশনের সহসভাপতি চানমিয়া, আব্দুস সামাদ, ফজল মিয়া, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদস্য পারভেজ মোশারফসহ মিশনের স্বেচ্ছাসেবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কাদরিয়া আহছানিয়া সিলসিলার তরিকা অনুসরণকারী মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহছানিয়া মিশন ১৯৯১ সাল থেকে ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা’ মূলমন্ত্রে ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share Button