স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবনের পুলিশ ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা শহরের পুলিশ সুপার জসিম উদ্দিনের বাসভবনের পুলিশ ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তার ৫ ও ৭ বছর বয়সী দুইটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢাকা থেকে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ডের দায়িত্বে যোগ দেন নায়েক হাবিবুর রহমান। বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় অন্য পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাবিবুরকে রডের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াশরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন নায়েক হাবিবুর রহমান। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share Button