মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম-২০২৬ প্রকল্পের সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ‘Flood Emergency Response in Bandarban 2026’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিবামনি-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপারসন মং থুই চিং মারমা, বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী এবং বান্দরবান পৌরসভার প্রতিনিধিগণ।
প্রকল্পের আওতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের চলাচল, স্বাস্থ্যবিধি ও দৈনন্দিন প্রয়োজন পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সরকারি প্রশাসন, উন্নয়ন সংস্থা ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভা শেষে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গ্রাউস,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
