এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় কুড়িগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ হয়েছে ভূরুঙ্গামারী থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন আজিম উদ্দিন।
সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জুলাই মাসের পুলিশের কার্যক্রম ও অপরাধ দমনের বিভিন্ন দিক মূল্যায়ন করে ভূরুঙ্গামারী থানাকে জেলার প্রথম স্থান দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা আরও গতিশীল করার ক্ষেত্রে জুলাই মাসে ভূরুঙ্গামারী থানার কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে থানাটিকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
পরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং থানার ওসি আজিম উদ্দিন।
ওসি আজিম উদ্দিন বলেন, এ সম্মান আমাদের একার নয়। থানার সব পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার ফসল এই অর্জন।
তিনি ভূরুঙ্গামারী থানার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আস্থা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিরাপদ ভূরুঙ্গামারী গড়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
