জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শহীদদের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে নেতাকর্মীদের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদসহ থানা বিএনপি, পৌর বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনাকে ধারণ করে একটি জবাবদিহিমূলক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

বক্তারা আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—জনগণের ন্যায্য অধিকার কখনো দমিয়ে রাখা যায় না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা সেই সত্যকে নিজেদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত করেছেন। তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, সুশাসন এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন। কর্মসূচি শেষে দেশ, জাতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share Button