বান্দরবানের বন্যার্তদের পাশে ইউসিবি: ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

​সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার সকালে বান্দরবান শহরের জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

​ইউসিবি ব্যাংকের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, ভয়াবহ বন্যার কারণে জেলার হাজার হাজার মানুষ চরম সংকটের মুখোমুখি হয়েছেন।

দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি ইউসিবি ব্যাংকের মতো বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসায় বান্দরবানের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম আরও বেগবান হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান চৌধুরী এবং ব্যাংকের বান্দরবান শাখার প্রধান মো.হানিফ চৌধুরী।

​ত্রাণ বিতরণকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান,বন্যায় বান্দরবানের সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এই খাদ্য সহায়তা কিছুটা হলেও স্বস্তি দেবে। ইউসিবি ব্যাংক সবসময় দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও বান্দরবানসহ দেশের যেকোনো প্রান্তে এই ধরনের মানবিক ও পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বন্যার্ত মানুষজন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট গ্রহণ করেন। দুর্যোগের এই মুহূর্তে এমন প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়ে ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত বান্দরবানের বন্যাদুর্গত সাধারণ মানুষ।

Share Button