ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২ টি ভারতীয় গরু সহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০) ও নুর নবী (২৫)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরু সহ ৪ জনকে আটক করে থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে ২ টি গরুর বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে সেগুলো কালজানি ঘাট এলাকার কাজিয়ার চর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। বাকি ০৬ টি গরুর মালিকানা যাঁচাই পূর্বক তাদের মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৩ জন ব্যক্তির নিকট ভারতীয় চোরাই মোবাইল ও ভারতীয় সচল সিম পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত হয়েছে উল্লেখিত ব্যক্তিরা চিহ্নিত চোরাকারবারি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক হওয়া ০৩ জন চিহ্নিত চোরাকারবারি তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে ২ টি গরু জব্দ করা হয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভুরুঙ্গামারী উপজেলায় অবৈধপথে যে সকল গরু বাংলাদেশে প্রবেশ করে তার সিংহভাগ শালঝোড় এলাকা দিয়ে প্রবেশ করে। এ এলাকায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। সেই সাথে এলাকাবাসীকে চোরাকারবারের সাথে জড়িয়ে না পড়তে বিশেষভাবে অনুরোধ করেছেন।

Share Button