মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৬) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার সর্বশেষ পরিস্থিতি, ত্রাণ বিতরণ কার্যক্রম, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মূল্যায়ন, সড়ক যোগাযোগ পুনর্বহাল, নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, বান্দরবান ৬৯ ব্রিগেডের ব্রিগেডিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম,পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ছৈয়দ আমীর হোসেন (মাসুম), বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউস বান্দরবানের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা বন্যা-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
