রাজারহাটে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন সফর করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। সফরকালে তিনি নদীভাঙন কবলিত এলাকা, বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও উন্নয়নের চাহিদার কথা শোনেন।
পরিদর্শনকালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও জরুরি প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
একই সফরে তিনি বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সফরের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি সার্বজনীন শ্মশান কালী মন্দিরের শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নদীভাঙন প্রতিরোধ, অবকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও কার্যকর উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Button