ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আগাম বন্যা মোকাবিলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুল ইসলাম, শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লার সভাপতি এ এস খোকন, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, রেড ক্রিসেন্ট এর নয়ন নিয়ে নাহিদ ।
এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীলসমাজের প্রতিনিধি, উপসহকারী ভূমি কর্মকর্তা, ইউপি সচিব, গ্রাম পুলিশগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, আগাম বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা নদীর পানি বৃদ্ধি, উজানের ঢল এবং বৃষ্টিপাতের সম্ভাব্যতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হচ্ছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং সেগুলোর সক্ষমতা যাচাই করা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা সহ জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
একই সাথে জনগণের মধ্যে আতঙ্ক পরিহার করে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি ।
