এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারীর ধলডাঙ্গা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আশরাফ আলীর কাঠের গোলা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
অভিযানের সময় আশরাফ আলী কৌশলে পালিয়ে যান। তিনি শিলখুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ আলীর ছেলে।
জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। কুড়িগ্রামের সব বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
