এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নবিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
সভায় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন, ব্র্যাকের টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র দে, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে তথ্যসেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমৃত দেব নাথ বলেন, বাল্যবিবাহের ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভধারণ বিভিন্ন জটিলতার কারণ হতে পারে। তিনি বলেন, বাল্যবিবাহের সঙ্গে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।সভা শেষে
ইউএনও বিদ্যালয়টি পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, যুব প্ল্যাটফর্মের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
