ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেশন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘না বলুন মাদককে, হ্যাঁ বলুন জীবনকে’ শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

রোববার (২১ জুন) সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন।

সচেতনতামূলক সেশনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। এতে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদক থেকে দূরে থাকার উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক সাইফুর রহমান, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি লিমা আক্তার, সহসভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকেরা জানান, প্রকল্পের আওতায় ইতিমধ্যে জয়মনিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে চারটি করে মাদকবিরোধী সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share Button