এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ জুন) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকার একটি মরিচক্ষেত থেকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তিলাই ইউনিয়নের চরাঞ্চলে অভিযান চালান এএসপি মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজন। অভিযানের একপর্যায়ে একটি মরিচক্ষেতের ভেতর থেকে বড় আকৃতির গাঁজাগাছটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, স্থানীয় কৃষক ইউসুফ মিয়া প্রায় দুই বছর ধরে গাছটির পরিচর্যা করছিলেন। দীর্ঘদিনের পরিচর্যায় গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। তবে ফুল আসার আগেই পুলিশের অভিযানে সেটি জব্দ করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরাঞ্চলের ওই এলাকায় আরও কোথাও গাঁজার চাষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় এ ধরনের অবৈধ চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি কিংবা অবৈধ মাদক চাষের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাদক চাষ ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
