ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকার নতুন কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক ও মানবিক সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মতিয়ার রহমান মুরাদকে সভাপতি, অনিক চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক এবং রোকনুজ্জামান নবীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মতিয়ার রহমান মুরাদ বলেন, আলোকবর্তিকা প্রতিষ্ঠার পর থেকে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের নিয়ে আমরা আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক অনিক চন্দ্র দেব বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দলগত সমন্বয়কে গুরুত্ব দেওয়া হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে আমরা কাজ করব।

উপদেষ্টা পরিষদ নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং মানবিক, দক্ষ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মাদকমুক্ত, দক্ষ ও মানবিক যুবসমাজ গড়ার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাধুলা, মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

Share Button