ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এ সময় সেখানে ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরে তিনি উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালের তীরে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। উদ্বোধনী দিনে সেখানে ২০০টি গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ঝুঁকিয়া সুইচগেট থেকে পশ্চিম ছাট গোপালপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পুনঃখনন করা খালের দুই পাড়ে ১ হাজার ৮০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডেও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।

Share Button