কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
বুধবার (০৩জুন) রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
জানা গেছে, ওই গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১২০০ ফুট দৈর্ঘ্যের সরকারি রাস্তাটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
পরে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
