জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি জরাজীর্ণ গ্রামীণ সেতু ধসে পড়ে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অবশেষে ভয়াবহ দুর্ঘটনার মধ্য দিয়ে ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পড়ে। মুহূর্তেই ট্রাক্টরটি নিচে পড়ে গেলে এতে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন সময় সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবহেলা আর দায়সারাভাবের কারণেই আজ এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
ঘটনার পর সোমবার (২৫ মে) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাজুল ইসলাম লিটন, সাংবাদিক জাফর আহমেদ সহ পাঁচগাছী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ভেঙে পড়া সেতুর অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মানুষের জীবন নিয়ে অবহেলার সুযোগ নেই। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”
এদিকে দুর্ঘটনার পর থেকে সেতু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা। স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে আর কোনো পরিবারকে এমন দুর্ঘটনার শিকার হতে না হয়।
