কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে উদযাপন

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ

তরুণ প্রজন্মকে মাঠমুখী করে ভবিষ্যতের ফুটবল প্রতিভা গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে এএফসির ‘গ্রাসরুট ফুটবল ডে-২০২৬’। ক্ষুদে ফুটবলারদের প্রাণচঞ্চল উপস্থিতি, দৌড়ঝাঁপ আর ফুটবল নৈপুণ্যে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়াঙ্গনে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মাঝেও দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু, ইদ্রিস আলী, খোকন সরকার, নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, সাবেক ফুটবলার ওয়াজেদ আলী ঝিনুক, জহুরুল হক কামাল, ক্রীড়া সংগঠক সাইদুল আবেদীন ডলার ও আশিক ইকবাল রাব্বীসহ জেলার বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ফুটবলের প্রকৃত ভিত্তি গড়ে ওঠে তৃণমূল পর্যায় থেকে। শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ফুটবলার তৈরি করা সম্ভব হবে। তারা আরও বলেন, মাঠভিত্তিক খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুদের মাঠমুখী করা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করা গেলে এ জেলা থেকেও জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম বলেন, দেশের ফুটবলের উন্নয়নে গ্রাসরুট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এএফসি ও বাফুফের যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ১১৫ জন এবং মেয়ে ৬৫ জন। মাঠজুড়ে ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, ফুটবল দক্ষতা ও আনন্দঘন পরিবেশ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, গ্রাসরুট ফুটবলের মাধ্যমে শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করে ভবিষ্যতের ফুটবল প্রতিভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কুড়িগ্রামে এ আয়োজন জেলার ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনা ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

Share Button