ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মইদাম মহাবিদ্যালয়ে পড়াশোনা বিমুখ ও ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে করণীয় নিয়ে “টার্নিং পয়েন্ট অব এডুকেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মইদাম মহাবিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের আয়োজন করেন ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা মোজাহার উল আলম। নিজ উপজেলার শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ব্যক্তিগত উদ্যোগে তিনি এ আয়োজন করেন।
মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহাবিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন হামিদী, বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সার আলী, উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম ও হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর।
সেমিনারে মোজাহার উল আলম শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো, সেই স্বপ্ন বাস্তবায়নে পড়াশোনার গুরুত্ব এবং ছোট ছোট উদ্ভাবনের মাধ্যমে সৃজনশীলতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান তৈরি, শ্রেণিকক্ষ সুন্দরভাবে সাজানো এবং অনুকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আচার-আচরণ উন্নত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এ ধরনের কার্যক্রম সরকারিভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলেন, মোজাহার উল আলমের উপস্থাপনা, কর্মদক্ষতা ও শিক্ষাবিষয়ক দৃষ্টিভঙ্গি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন অনুপ্রেরণা তৈরি করেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মইদাম মহাবিদ্যালয়ের শিক্ষক এএলএম নাজমুল হক মন্ডল।
সেমিনারে উপজেলার পাথরডুবি, তিলাই ও শিলখুড়ি ইউনিয়নের ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
