ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)’ প্রকল্পের আওতায় শাহীবাজার এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লাভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান ও সহকারী প্রকৌশলী জুবায়ের আবেদিন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, প্রভাতী প্রকল্পের সহকারী মাঠ প্রকৌশলী বোরহানউদ্দিন এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষণ সহকারী সাজ্জাদুল ইসলাম।
বক্তারা বলেন, এলসিএস প্রকল্পের কর্মীরা এক বছর ধরে বাজার নির্মাণকাজে কঠোর পরিশ্রম করেছেন। এই অর্থ তাঁদের পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জন ও সন্তানদের শিক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৬৮ জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৬০ হাজার ১৮৮ টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ হাতে পেয়ে এলসিএস কর্মীরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই প্রকল্প তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
