কুড়িগ্রামে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ

মানবতা, সহমর্মিতা ও সেবার চেতনায় কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট। দিনব্যাপী আয়োজনে অংশ নেন স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে মানবতা, শান্তি, সহমর্মিতা এবং দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত হলে সমাজ থেকে বৈষম্য, অবহেলা ও অসহায়ত্ব অনেকটাই দূর করা সম্ভব। দুর্যোগের সময় শুধু সরকারি উদ্যোগ নয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার প্রতীক। বন্যা, শীত, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্যোগে এই সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানবসেবার এই চেতনা সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা জরুরি। তরুণদের নেতৃত্বেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর নামই রেড ক্রিসেন্ট। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”
এছাড়াও বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন, মুকুল মিয়া, আব্দুল আজিজ নাহিদ, আজীবন সদস্য রফিকুল হায়দার ও নাসিম পারভেজ তারা, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের প্রজেক্ট অফিসার শাহ আলম এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
বক্তারা বলেন, মানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করতে হলে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক বাড়াতে হবে। পাশাপাশি যুব সমাজকে মানবিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ ও সেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে কেক কাটা হয়। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি মানবসেবার দৃঢ় প্রত্যয় ছিল চোখে পড়ার মতো।

Share Button