ভুরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে ভুরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন পূর্ব  আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, সুস্থ্য জাতি গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে গড়ে তুলবে।

উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১০টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়। এতে বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share Button