কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে এক মানবিক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নুরনবী বালিকা উচ্চ বিদ্যালয়-এর ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজা । এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ ও নতুন স্বপ্নের উন্মেষ ঘটে।
অনুষ্ঠানে চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, “আমাদের মেয়েরা যাতে নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। নারী শিক্ষার প্রসার ও ঝরে পড়া রোধ করা আমাদের সবার দায়িত্ব।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক উদ্যোগ।
ব্যাগ পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে জানায়, এই উপহার তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণে সহায়তা করবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে এলাকায় নারী শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
