মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এর বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অতিদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নে মোবাইল ব্যাংকিং (বিকাশ) এর মাধ্যমে শর্তযুক্ত অর্থ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান শহরের একটি হোটেলর হলরুমে এ অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব।
গ্রাউস বান্দরবান এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) তৌফিক আহাম্মদ নুর, বান্দরবান ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, ওয়ার্ল্ড ভিশন এর টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,সাংবাদিক মুহাম্মদ আলী, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু তালেব বলেন, অতিদরিদ্র পরিবারের উন্নয়নে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি অর্থ বিতরণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা দ্রুত সহায়তা পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিকাশের মাধ্যমে অর্থ বিতরণের সময় প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক অসাধু ব্যক্তি ফোন করে মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরও এগিয়ে এসে নিজেদের অধিকার, মর্যাদা ও পরিবারের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে।
পরিশেষে তিনি আয়োজক সংস্থা গ্রাউস, সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন, রাজবিলা ইউনিয়ন, জামছড়ি ইউনিয়ন, টংকাবতী ইউনিয়ন, বান্দরবান পৌরসভাসহ মোট ছয়টি এলাকার ৬৬৫ জন অতিদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হচ্ছে।
