কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রধান শিক্ষকের অবহেলার কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জান্নাতি খাতুন। তিনি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন। পুরো বছরজুড়ে মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিলেন। পরিবারের আশা-ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন জান্নাতি। কিন্তু একটি প্রশাসনিক ভুলে তার সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার।
জানা গেছে, গত সোমবার প্রবেশপত্র সংগ্রহ করতে বিদ্যালয়ে গেলে জান্নাতি দেখতে পান, তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবার সূত্রে জানা যায়, মানবিক বিভাগে অধ্যয়নরত জান্নাতি নিয়মিত প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার জন্য বড় ধরনের মানসিক আঘাত হয়ে দাঁড়িয়েছে।
জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, আমার বোন এসএসসিতে ভালো ফলাফল করলে রংপুরের একটি ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু প্রধান শিক্ষকের ভুলের কারণে তার সেই সুযোগটি নষ্ট হয়ে গেল।
জান্নাতি বলেন, অনেক স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেব। কিন্তু শেষ সময়ে এসে এমন ঘটনা ঘটবে, কখনও ভাবিনি।
এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রবেশপত্র বিতরণের পর কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল ধরা পড়ে, যা সংশোধনের জন্য বোর্ডে আসতে হয়েছে। জান্নাতির বিষয়টি আমার ভুল হয়েছে। আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।
