এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য।
আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আনোয়ার (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট পোপালপুর গ্রামের মোঘল হোসেনের ছেলে রিপন (২৮)।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
