জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীসহ উপস্থিত সবার জন্য স্মরণীয় হয়ে থাকে।
