ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল ব্যাগে গাঁজা বহনের সময় শিক্ষার্থীসহ গাঁজার মালিক মাদক কারবারি ও নিজ কন্যা ধর্ষণ মামলার আসামী সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে। ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদক কারবারি সুলতান মিয়া ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে দিয়ে অভিনব পদ্ধতিতে প্রশাসককে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। এই শিক্ষার্থী তার আত্মীয় হওয়ার সুবাদে সাইকেল নিয়ে স্কুল ব্যাগ ভর্তি করে বিভিন্ন স্থানে গাঁজা পরিবহনের কাজ করতো। রবিবার সকালে এই শিক্ষার্থীকে গাঁজা বহনকালে ফুলবাড়ী ধরলা ব্রিজ চেকপোস্টে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ভর্তি স্কুল ব্যাগসহ ব্যবহৃত  বাইসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পরে আটক শিশু শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার খালু কুখ্যাত মাদক কারবারি সুলতান মিয়াকে একই দিন সন্ধ্যায় বাড়িতে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটকরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মাদক কারবারি সুলতান মিয়া (৬৫) ও একই এলাকার ইউনিয়নের জহুরুল হকের ছেলে এবং ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলিব মিয়া (১২)।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, এই কুখ্যাত মাদক ব্যবসায়ী সুলতান তার আপন দ্বিতীয় মেয়েকে ধর্ষণের অভিযোগে আসামী হয়ে হাজতবাস করেছিলো। তার স্ত্রী, ৪ মেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজন এই মাদক কারবারের সাথে যুক্ত। তাদের নামে লালমনিরহাট জেলা ও কুড়িগ্রামে একাধিক মামলা রয়েছে। মাদক কারবারের টাকার ফুলে ফেঁপে ওঠা সুলতান মিয়ার পরিবারে হুমকি ধামকিতে তটস্ত থাকে এলাকাবাসী। সুলতান বিজিবির লাইনম্যান হিসাবেও রয়েছে ব্যাপক পরিচিতি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু শিক্ষার্থীসহ গাঁজার মালিককের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক কারবারি সুলতান ওই শিশু শিক্ষার্থীকে দিয়ে একাধিক বার গাঁজা পরিবহনের কাজ করিয়েছেন।

Share Button