জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
সারা দেশের মতো কুড়িগ্রামেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্যচর্চা, যেখানে মহান স্বাধীনতা দিবসের ইতিহাস, তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
দিবসটির বিভিন্ন আয়োজনে জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
