বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৬ বছর ধরে লন্ডনে বসবাসরত দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে লোকজ ও দেশাত্মবোধক নাচের মাধ্যমে তিনি দেশি-বিদেশি অসংখ্য টেলিভিশন ও মঞ্চে কুড়িয়েছেন সুনাম।
ব্যস্ততা নিয়ে এই শিল্পী জানান, সামনে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’ উপলক্ষে নিজের দল নিয়ে বিশেষ এক নৃত্যের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া ঈদের পর বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় কাটাবেন। ঈদ উদযাপন নিয়ে তিনি বলেন, প্রতিবছরই তার ভাইয়ের ছেলে মাহিরের সঙ্গে ম্যাচিং করে পোশাক পরে থাকেন তিনি।
প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভোলেননি এই গুণী শিল্পী। প্রতিবছরের মতো এবারও তার উপার্জনের একটি বড় অংশ দেশের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় পাঠিয়েছেন। পরিশেষে, লন্ডন থেকে বাংলাদেশের সকল মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নৃত্যশিল্পী।
