কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্যদের ঘিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর কাছে জেলার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা সরাসরি আহ্বান জানিয়েছেন—জেলার উন্নয়নের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়েকোবাদকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত কুড়িগ্রামের উন্নয়নে কার্যকর ও দায়িত্বশীল প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। তাদের দাবি, জাতীয় সংসদে শক্ত অবস্থান থাকলে জেলার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। মিলি কায়েকোবাদ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলেও সভায় উল্লেখ করা হয়।
জাতীয় রাজনীতিতে পরিবর্তন, জেলায় ভিন্ন বাস্তবতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে কুড়িগ্রামের সবকটি আসনে জয় পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। ফলে জাতীয় সংসদে জেলার প্রতিনিধিরা বিরোধী দলের আসনে থাকছেন।
এ পরিস্থিতিতে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে—সরকার ও জেলার প্রতিনিধিদের ভিন্ন রাজনৈতিক অবস্থান উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলবে কি না। বিশ্লেষকদের মতে, কেন্দ্র ও জেলার মধ্যে সমন্বিত উদ্যোগই হতে পারে উন্নয়নের মূল চাবিকাঠি।
জেলাবাসীর প্রধান দাবি
কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—
স্থায়ী নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প
শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি
আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান
উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা
টেকসই সড়ক ও অবকাঠামো উন্নয়ন
স্থানীয়দের ভাষ্য, এসব দাবি পূরণে সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে সক্ষম এমন প্রতিনিধিত্ব প্রয়োজন। সে কারণে তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জেলার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন কুড়িগ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
