মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে আলোচিত চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ রবিবার জানুয়ারি ২০২৬ দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বান্দরবান সদর থানার হত্যা মামলা নম্বর-৭, তারিখ ১৬ জানুয়ারি ২০১৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেকা (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির স্বামী মোঃ রফিক আহমদ। তার বাড়ি বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার বুড়োয়ারটেকে।
পুলিশ সুপার আরও জানান, গত ২৪ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার শেরশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এই অভিযানে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মানা দে-এর দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ একটি চৌকস পুলিশ দল অংশ নেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন কালাঘাটা বুড়োয়ারটেক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সানজিদা খাতুন তন্বী (০৯)-কে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেকা আক্তার কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।
