কুড়িগ্রাম প্রতিনিধি:
হাইকোর্টের রিট পিটিশনের রায়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী মো. সাফিউর রহমান হাঁস প্রতীক পেয়েছেন। এই প্রতীক নিয়ে তিনি একসঙ্গে লড়বেন কুড়িগ্রাম-২ (সদর–রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে।
রোববার বিকালে সাফিউরের প্রতীক বরাদ্দ করে তার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডভোকেট মো. সাফিউর রহমান মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রাথমিকভাবে তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৫৩ এর আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পরে শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক বরাদ্দ পেয়ে সাফিউর রহমান বলেন, “কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ”
হাঁস প্রতীক নিয়ে মাঠে নেমে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন তিনি।
এদিকে তার প্রার্থিতা বৈধ ঘোষণার ফলে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
