কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির উদ্যোগে শীতার্ত চরবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সংকোষ ও গঙ্গাধর নদীর মিলনস্থলে অবস্থিত মহসিনের চরে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন, সিনিয়র সহ- সভাপতি আব্দুর রাজ্জাক, সহ- সভাপতি ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “চরবাসীর জীবন মান উন্নয়নে দীর্ঘদিন ধরে অবহেলা চলে আসছে। আন্দোলনের মাধ্যমে ১৯৯৮ সালে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলেও নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষের জন্য আজও কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় গঠিত হয়নি।
তিনি আরও বলেন, “দেশের লক্ষ লক্ষ চরবাসী শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। দ্রুততম সময়ের মধ্যে চর বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা হলে চরবাসীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে।”
এসময় বক্তারা বলেন, তীব্র শীতের কারণে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। সরকারি সহায়তা প্রায়ই চরাঞ্চলে পৌঁছায় না। তাই বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করে মহসিনের চরের বাসিন্দারা জানান, প্রচণ্ড শীতে কাজ করতে না পারায় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে প্রতিবছর শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এমন মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
