স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের কোদালের আঘাতে শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পশ্চিম খঞ্জনমারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারী রুনা আক্তার ওই গ্রামের বাসিন্দা হায়দার আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের মেয়ে মোছাঃ আনিকা বেগমের সঙ্গে তার স্বামী মোঃ শফিকুল ইসলাম (৩৫)–এর দীর্ঘদিন ধরে সাংসারিক বিরোধ চলছিল। এ বিরোধের কারণে আনিকা বেগম প্রায় দেড় বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার দিন শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি কোদাল দিয়ে শাশুড়ির মাথা ও ডান হাতে আঘাত করেন। এতে তার মাথায় গভীর রক্তাক্ত জখম হয় এবং ডান হাতের তিন থেকে চারটি আঙুল কেটে ঝুলে যায়।
পরে স্থানীয় স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলার লাইফ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।
