জাফর আহমেদ, কুড়িগ্রাম:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আফ্রিকার দেশ সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ হয়েছেন বাংলাদেশের ৬ সেনা সদস্য। এর মধ্যে কুড়িগ্রামের দুই কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মমিনুল ইসলাম ও শান্ত মন্ডল। নিহত মমিনুল ইসলাম উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল এলাকার বাসীন্দা। তিনি ১৭ বছর ৫ মাস আগে সেনাবাহিনীতে যোগ দেন। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে, বাবা, মা ও ভাই, বোন রয়েছে। আর নিহত শান্ত মন্ডল জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। তিনি ৬ বছর ১১ মাস আগে সেনাবাহিনীতে যোগ দেন। তার বড় ভাই সোহাগ মন্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ৫ মাসের অন্তসত্বা। মমিনুল ও শান্ত মন্ডল চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে গেলে ১৩ ডিসেম্বর সেখানকার সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহিদ হন। তাদের মৃত্যুর খবরে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই সেনার বাড়িতেই চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছে মা, স্ত্রী, ভাইসহ স্বজনরা।
শান্ত মন্ডল আর মমিনুলের বিদায়ে শোকের মাতম দুই এলাকাবাসী। তাদের এই করুণ বিদায় মেনে নিতে পারছেন না কোনোভাবেই। এলাকাবাসী বলছেন তাদের মরদেহ দ্রুত দেশে ফিরে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। আর মরদেহ পোস্ট মর্টেম না করারও দাবি করেন তারা।
