মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে শেষ হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার বিকেলে পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে ৬৯ পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মো:আবদুর রহমান, ৬৯ পদাতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমান, নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট মো: আবুল কালাম,জেলা পরিষদ সদস্য উবাথোয়াই মার্মা,জেলা পরিষদ সদস্য নাছিরুল আলম,বান্দরবান
জেলা ক্রীড়া অফিসার মো:রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনের খেলায় প্রতিদ্বন্ধিতা করে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও থানচি উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ১-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।
