মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা ১০ডিসেম্বর বুধবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, বান্দরবান সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ ঘোষ, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মং, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক সুপন চাকমা’সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । আগামী নির্বাচনে সচ্চতা, জবাবদিহিতা ও একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশ উপহার দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা তাদের ন্যায়নিষ্ঠতা, পেশাগত সততা ও দায়িত্ববোধ দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সাহায্য করবেন।
সভাপতির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, গুজব শনাক্তকরণে গণমাধ্যমগুলোর নিজস্ব ফ্যাক্টচেকার থাকা দরকার। বিকল্প উৎস হতে তথ্য যাচাই, গুজবের বিপরীতে প্রকৃত তথ্য প্রচার করে গণমাধ্যম গুজবকে প্রতিহত করতে পারে। গুজব প্রতিরোধে আরও একটি কার্যকর উপায় হলো মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতা। যার ফলে একজন পাঠক বা দর্শক গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ, সমালোচনা ও মূল্যায়ন করতে সক্ষম হবে এবং সহজেই প্রকৃত সংবাদ ও গুজবকে আলাদা করতে পারবে।
